খেলাধুলা

কোহালি ফিরলেন ৬৭ রানে, ধোনি-কেদারের মন্থর ব্যাটিং

পয়েন্ট তালিকায় সবার শেষে আফগানিস্তান। বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচই হেরেছে তারা। ইংল্যান্ডের কাছে হারের পরে সাজঘরের কথা বাইরে বেরিয়ে এসেছে। কোচ ফিল সিমন্স বিস্ফোরণ ঘটিয়ে বলেছেন, বিশ্বকাপ চলছে। তাই চুপ রয়েছেন। বিশ্বকাপের পরে তিনি আর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাড়াবেন না। ভিতরের অনেক কথাও তিনি ফাঁস করে দেবেন।

এরকম অশান্ত পরিবেশে ভারতের বিরুদ্ধে শনিবার সাউদাম্পটনে নেমেছেন রশিদ খানরা। শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহালি। উদ্দেশ্য একটাই। প্রথমে ব্যাট করে রানের পাহাড় তুলবে টিম ইন্ডিয়া। তার পরে যশপ্রীত বুমরা, মহম্মদ সামিরা দ্রুত মুড়িয়ে দেবেন আফগানিস্তান ব্যাটিং লাইন আপকে। কিন্তু, যা ভাবা যায়, তা হয় না। আফগান-বোলাররা কিন্তু ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপের পরীক্ষা নিচ্ছেন। মুজিব উর রহমান, মহম্মদ নবি ও রহমত শাহ ফিরিয়ে দিয়েছেন চার জন প্রথম সারির ভারতীয় ব্যাটসম্যানকে।

রোহিত শর্মা চলতি বিশ্বকাপে স্বপ্ন ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করা হয়ে গিয়েছে। এ দিন মুজিব উর রহমানের বলটাই ঠিক মতো বুঝতে পারলেন না। বলের লাইন মিস করে বোল্ড হলেন মুম্বইকর। ভারতের রান তখন এক উইকেটে সাত। রোহিত টিকলেন মাত্র ১০ বল। এ দিন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব বোলিং ওপেন করান মুজিবকে দিয়ে।

অন্য প্রান্ত থেকে আফতাব আলমকে বল করতে আনেন আফগানিস্তান অধিনায়ক। রোহিত দ্রুত ফেরায় ভারত অধিনায়ক বিরাট কোহালি ইনিংস গড়ার কাজ শুরু করেন লোকেশ রাহুলের সঙ্গে। রাহুল ৩০ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন। রাহুলের সমস্যা এটাই। তিনি প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্তু ক্রিজে জমে যাওয়ার পরে উইকেট ছুড়ে দেন তিনি। কোহালি ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেন। কিন্তু, কোহালির ব্যাটে যখন বড় রানের গন্ধ পাওয়া যাচ্ছে, তখনই ছন্দপতন। নবির বলটা হঠাৎই লাফিয়ে ওঠে। কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন কোহালি (৬৭)। আফগান বোলাররা রীতিমতো পরীক্ষা নিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানদের।

ভারত অধিনায়কের সাউদাম্পটনে নতুন কীর্তি গড়া আর হল না। রশিদ খানদের বিরুদ্ধে ব্যাট হাতে নামার আগে ২০ হাজার রানে পৌঁছতে ১০৪ রান দরকার ছিল রান-মেশিন কোহালির। ছন্দেই ছিলেন কোহালি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম কুড়ি হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিকে এগোচ্ছিলেন ভারত অধিনায়ক। কিন্তু, নবি তাঁকে ফিরিয়ে দেওয়ায় সাউদাম্পটনে রেকর্ড গড়া হল না।

বিজয় শঙ্কর নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। রহমত শাহের বলে এলবিডব্লিউ হন শঙ্কর (২৯)। ভারতকে টেনে তোলার দায়িত্ব এখন ধোনির উপরে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন কেদার যাদব। ধোনি ও কেদার মন্থর ব্যাটিং করছেন। পিচ মন্থর হওয়ায় বল ঠিকমতো ব্যাটে আসছে না।  ধোনি ৩৮ বলে ২৩ রানে ক্রিজে রয়েছেন। কেদার যাদব ৪১ বলে ২২ রানে অপরাজিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৪১ ওভারে চার উইকেটে ১৭৭।

 

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker