জাতীয়
রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি, গাজীপুর” গাজীপুরের সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-উত্তরবঙ্গ রেলরুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে উত্তরবঙ্গগামী এ রেলরুটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।



