বাল্যবিয়ে রুখে দিলেন মানবাধিকার কর্মী সুমাইয়া

কাজী নাফিয়া রহমান, নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের গ্রামে অসীম সাহসীকতায় অমানবিক এক বাল্যবিয়ে রুখে দিয়েছেন মানবাধিকার কর্মী সুমাইয়া শরীফ। ঘটনার বিবরনে জানা যায়, ২৯ নভেম্বর উখিয়া উপজেলার নাইখ্যংপাড়ায় এক আত্মীয়ার বিয়ের দাওয়াতে গিয়ে সুমাইয়া দেখতে পান, বিয়ের পাত্রী মাত্র ১৪ বছর বয়সী এক শিশু কন্যা। তার পরিবারকে ভয় দেখিয়ে জোর করে ওই বিয়ের আয়োজন করেছেন পাত্র হাসিবুল আলম । যার বয়স ৫০ বছরের কাছাকাছি এবং তিনি উগ্র মৌলবাদী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা। তার আরও একটি স্ত্রী রয়েছে। দেশের প্রচলিত বিবাহ আইন লংঘন করেই তিনি এই বিয়ের আয়োজন করেন। সুমাইয়া শরীফ এ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে থানা পুলিশ খবর পেয়ে এসে এ বিয়ে বন্ধ করে দেয়। এ সময় হাসিবুল আলম অন্যায় করেছেন মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। সুমাইয়া শরীফের বাল্য বিয়ে প্রতিরোধের এ উদ্যোগের প্রশংসা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমান।



